রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর গোয়েন্দা শাখা। এ সময় একটি বিদেশি রিভলভার, দুই রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল এবং বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়। মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেপ্তার সন্ত্রাসীর নাম আশিকুর ইসলাম শান্ত (২০)।
গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত এগারোটার দিকে পল্লবী থানাধীন ১১ নং সেকশনের মেঘবরণ রেস্টুরেন্টের সামনে ভিযান চালিয়ে আশিকুর ইসলামকে গ্রেপ্তার করা হয়।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মিরপুর-১০ নম্বর সেকশনের ডি ব্লক প্যারিস রোডের পরিত্যক্ত ডিএনসিসি মার্কেটের সিঁড়ির নিচে একটি বিদেশি রিভলভার, দুই রাউন্ড ৯ এমএম গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল এবং ২০ রাউন্ড ৭.৬২ এমএমগুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানায় গোয়েন্দা শাখা। গ্রেপ্তারেরে পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ। ডিবি সূত্র মতে, আসামি আশিকুর সন্ত্রাসী গ্রুপ “ভইরা দে”এর সক্রিয় সদস্য। সে ও তার সন্ত্রাসী গ্রুপ সদস্যরা দীর্ঘদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে পল্লবী এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কাজে জড়িত ছিল।
এ ছাড়া ডিএমপির বিভিন্ন থানায় ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, চুরি ও মাদকের দশটি মামলার এজাহারভুক্ত এবং চার্জশিটভুক্ত আসামি আশিকুর।